।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের এক ঘটনায় মৃত্যু বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ২৮ এপ্রিল ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান জানিয়েছে এ দুর্ঘটনায় আরও ৮৪ জন আহত হয়েছেন।
রয়টার্স জানায়, স্থানীয় সময় সোমবার রাতে জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার পূর্বে বেকাসিতে দূরপাল্লার এক ট্রেনের সঙ্গে একটি কমিউটার ট্রেনের সংঘর্ষ হয়।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত রেলওয়ে প্রতিষ্ঠান পেতে কাই এর প্রধান নির্বাহী ববি রাশেদিন মঙ্গলবার জানান, এতে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।
ইন্দোনেশিয়ার তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ সাফি জানান, উদ্ধারকাজ শেষ হয়েছে, তবে দুমড়ে-মুচড়ে যাওয়া বগিগুলো থেকে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করার কাজটি বেশ জটিল ছিল। এ সংঘর্ষের ঘটনায় নারীদের একটি বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর হতাহতের অধিকাংশই নারী।
এর আগে এক সংবাদ সম্মেলনে ববি জানিয়েছিলেন, প্রথমে কমিউটার ট্রেনটি লাইনের ওপর থাকা একটি ট্যাক্সিকে ধাক্কা দেয়, এরপর দূরপাল্লার ট্রেনটি এসে কমিউটারটিকে আঘাত করে।
ট্যাক্সি পরিচালনা কোম্পানি গ্রিন এসএম ইন্দোনেশিয়া ইনস্টাগ্রামে জানিয়েছে, যে ট্যাক্সিটি এই দুর্ঘটনায় ছিল সেটি তাদের বহরের অংশ।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বেকাসির হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন। সেখানে তিনি বলেছেন, তীব্র জানজট নিরসনে ট্রেন লাইনগুলোর ওপর দিয়ে ফ্লাইওভার নির্মাণের বিষয়ে সহমত হয়েছেন তিনি আর কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
তিনি জানান, ট্রেন নেটওয়ার্কের বড় একটি অংশ রক্ষণাবেক্ষণ করা হয় না।
মঙ্গলবার উদ্ধারকারী ও লোকজন বেকাসির ট্রেন স্টেশনে ভিড় জমান। এদের কেউ কেউ নিজের স্বজনদের খোঁজ করছিলেন।
বিশ্বের সবচেয়ে জনবহুল শহর জাকার্তায় কমিউটার লাইনের ট্রেনগুলো সবচেয়ে ব্যস্ততম ট্রেনগুলোর অন্যতম। মঙ্গলবার পেতে কাই জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পর বেশ কয়েকটি কমিউটার ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়।