Breaking News:


শিরোনাম :

ইসিতে শর্ত পূরণে তথ্য জমা দিয়েছে ৮০টি দল : শুরুতেই ঝরে পড়তে পারে ৬৫ দল

  • ০১:২৫ পিএম, সোমবার, ৪ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধন পাওয়ার জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করে। দলগুলোর আবেদন যাচাই বাছাই করে কিছু তথ্য ঘাটতি থাকায় সে সংক্রান্ত কাগজপত্র ৩ আগস্টের মধ্যে দাখিলের জন্য ১৫ দিন সময় দিয়ে ১৪৫টি দলকে চিঠি দেয়া হয়। এর মধ্যে মোট ৮০টি দল ঘাটতি সংক্রান্ত কাগজপত্র জমা দিয়েছে।

রবিবার ৩ আগস্ট ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে, এম, আলী নেওয়াজ গত ২২ জুলাই বলেছিলেন, নিবন্ধন প্রত্যাশী ১৪৫টি দলই ইসির প্রয়োজনীয় সকল শর্ত পূরণ করতে পারেনি। ১৫ দিন সময় দিয়ে দলগুলোকে চিঠি দেওয়া হচ্ছে। তিনি বলেন ১৫ দিনের মধ্যে যেসব দল শর্তপূরণ করতে পারবে তাদের বিষয়ে তদন্তে দেয়া হবে। আর যারা শর্ত পূরণ করতে পারবে না তাদের বিষয়ে তদন্তে দেয়া হবে না। 

তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে ১৪৫টি দলের ১৪৭টি নিবন্ধন আবেদন জমা পড়ে। আগ্রহী দলগুলো নিবন্ধনের শর্তপূরণে প্রয়োজনীয় কাগজসহ ২২ জুনের মধ্যে আবেদনের শেষ সময় ছিল।

১৪৫টি দলের নিবন্ধনের আবেদন যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে ইসি সচিবালয়ের ২০ জন কর্মকর্তা কাজ করছে। এ সংক্রান্ত কমিটির বৈঠকে নিবন্ধন বিধি অনুযায়ী ত্রুটি সংশোধনের সময় দেয়ার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, রবিবারই ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও তথ্য জমা দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলের তথ্য যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত চালাবে ইসি কর্মকর্তারা। সব প্রক্রিয়া শেষে ভোটের আগে যোগ্য দলকে নিবন্ধন সনদ দেওয়া হবে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech