।।বিকে রিপোর্ট।।
বেতন পরিশোধের আশ্বাস দিলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ তুলে নিলেন কারখানার শ্রমিকেরা।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটের দিকে অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) নামে একটি সুতা তৈরি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে শ্রমিকরা মহানগরীর দিঘিরচালা এলাকায় মহাসড়ক অবরোধ শুরু করেন।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, আগস্ট মাসের বকেয়া বেতন গতকাল বুধবার ১০ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল। মালিকপক্ষ বেতন পরিশোধ না করায়, কারখানার দেড় থেকে দুই শ শ্রমিক ক্ষুব্ধ হয়ে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।
আজকের মধ্যে তাদের পাওনা বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা মহাসড়ক ছাড়বেন না বলেও ঘোষণা দেন। অবরোধের ফলে মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে শ্রমিকদের অবরোধের ফলে সকাল থেকেই মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি শাহিন খান বলেন, ‘ঘটনাস্থলে থানা ও শিল্প পুলিশ রয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
খবর পেয়ে শিল্প পুলিশসহ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, বেতন পরিশোধের আশ্বাস পেয়ে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেছে। আমরা মালিক পক্ষের সঙ্গেও কথা বলেছি দ্রুত তাদের বেতন পরিশোধের ব্যবস্থা নেওয়া হচ্ছে।