।।বিকে ডেস্ক।।
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
রবিবার ৬ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস মুকসুদপুর উপজেলার গেড়াখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়।
এ সময় আহত হয় আরো অন্তত ৩০ জন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। এদিকে আহতদের মধ্যে কয়েকজন এখনো আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছে পুলিশ।