।।বিকে ডেস্ক।।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া এক বিশেষ রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নিয়েছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার ২৩ জুন স্থানীয় সময় রাতে চীনের দালিয়ান শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এই ভোজের আয়োজন করেন চীনা প্রধানমন্ত্রী।
এই রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমান অংশ নেন। এছাড়াও দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এতে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের বরাত দিয়ে সময়ের আলো ও সংবাদ জানায়, এই ভোজসভার ফাঁকে বিশ্বনেতারা পারস্পরিক খোলামেলা আলাপচারিতায় অংশ নেন। যা দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং উন্মুক্ত কূটনীতির নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।
মালয়েশিয়ায় দুই দিনের দ্বিপাক্ষিক সফর শেষ করে প্রধানমন্ত্রী সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
আজ বুধবার ২৪ জুন বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের মূল পর্বে যোগদানের পর প্রধানমন্ত্রী বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হবেন। বেইজিং সফরে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাহ্দী আমিন বলেন, বুধবার সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্র-বাসস/অনলাইন।