।।বিকে ডেস্ক।।
ক্ষমতায় এসে জনগণের সমস্যা সমাধানে সরকার ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, সরকার বলেছিল, তাদের একটি পরিকল্পনা রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো এবং জনগণকে দুর্ভোগে ফেলা।
মঙ্গলবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এবি স্বেচ্ছাসেবক পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। ফলে সাধারণ মানুষের মধ্যে দিন দিন ক্ষোভ ও হতাশা বাড়ছে।
তিনি বলেন, গত ৫৪ বছর ধরে দেশে গতানুগতিক রাজনীতি চলছে। এত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী? নিশ্চয়ই রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা এবং মানুষের জীবনমানের পরিবর্তন আনা। কিন্তু এত আয়োজনের পরও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করা যাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক পরিচয় ও বোঝাপড়ার অভাবে সামান্য বিষয়েও অবিশ্বাস ও দূরত্ব তৈরি হচ্ছে।
মঞ্জু আরও বলেন, মানুষ তখনই রাজনীতিতে সাড়া দেয়, যখন এর সঙ্গে নিজের স্বার্থ ও অধিকারকে সম্পৃক্ত দেখতে পায়। তাই জাতীয় ঐক্য গড়ে তুলতে স্বেচ্ছাসেবক পার্টিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করতে পারলে কী করা সম্ভব, সেই স্বপ্ন ও সম্ভাবনার কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ নানা আশ্বাস দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। বিএনপিও এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারছে না। রাজনীতি হতে হবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং জনগণের বাস্তব সমস্যা সমাধানের কার্যকর উদ্যোগ।
এবি স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সংগঠনটির সদস্যসচিব তোফাজ্জল হোসাইন রমিজ।
সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান ও মো. আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক গোলাম রব্বানী রাজা, এবি যুব পার্টির সদস্যসচিব হাদীউজ্জামান খোকন, কর্মসংস্থানবিষয়ক সম্পাদক সফিউল বাশার, সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু এবং স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম সদস্যসচিব রাশিদা আক্তার মিতু ও মিজানুর রহমান মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক রাজিয়া সুলতানা, সহকারী দপ্তর সম্পাদক মোহসীনুল হক চৌধুরী, নারী উন্নয়নবিষয়ক সহসম্পাদক শাহিনুর আক্তার শিলা, উদ্যোক্তা ও কর্মসংস্থানবিষয়ক সহসম্পাদক সুমাইয়া শারমিন ফারহানা, গাজীপুর মহানগরের সদস্যসচিব মাসুদ জমাদ্দার, নাটোর জেলা আহ্বায়ক মোকাররেবুর রহমান নাসিম, স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিজান, শাহ মাহমুদুল বারী রাকিব, কেন্দ্রীয় কমিটির সদস্য মনির হোসেন ও জাবের হোসেন সুমনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।