Breaking News:


শিরোনাম :

জাতীয় সংসদ নির্বাচনের পর হবে বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

  • ০৩:২৮ পিএম, রবিবার, ২ নভেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আগামী বছর ২০২৬ সালের বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

রবিবার ২ নভেম্বর সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

দুইপক্ষের সঙ্গে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান ধর্ম উপদেষ্টা।

তিনি আরও বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, যেহেতু সামনে নির্বাচন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার বিষয় আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইজতেমা হবে নির্বাচনের পর। তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দুইপক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

তিনি বলেন, নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম ১৫ দিনের মধ্যে হয়, এরপর রমজানে তো আর হচ্ছে না, হয়তো রমজানের পর (ইজতেমা) হবে। তবে দুই পক্ষ কবে ইজতেমা করবে, সে সিদ্ধান্ত দুই পক্ষের সঙ্গে বসে নিতে হবে। তবে নির্বাচনের পর সুবিধাজনক সময়ে তারিখ নির্ধারিত হবে। তবে সময়টা এখনো ঠিক হয়নি।

এছাড়া ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে তিনি বলেন, জাকির নায়েককে যারা দেশে আনতে চান তারা দেখা করেছিলেন। কিন্তু এটি ধর্ম মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি মেহমানের বিষয়টি এই দুই মন্ত্রণালয় দেখভাল করেন। এখানে আমার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech