Breaking News:


জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান, পরিদর্শন বইয়ে স্বাক্ষর

  • ১১:০২ এএম, শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার ২৬ ডিসেম্বর রাত ১০টা ৫ মিনিটের দিকে তিনি মূল ফটক দিয়ে স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ করেন তারেক রহমান। এরপর স্মৃতিসৌধের বেদির সামনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিদর্শন বইয়ে তিনি তারিখের স্থানে বাংলায় ‘২৮-১২-২০২৫’ লেখেন। নামের স্থানে লেখেন ‘তারেক রহমান’ এবং পরিচয়ের ঘরে উল্লেখ করেন ‘রাজনৈতিক কর্মী’। মন্তব্যের স্থানে তিনি লেখেন, ‘১৯৭১ এর শহীদের প্রতি জাতি চির কৃতজ্ঞ। তাদের আত্মার প্রতি আল্লাহর দরবারে মাগফেরাত কামনা করি। জানাই বিনম্র শ্রদ্ধা।’

শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, রাস্তায় জনস্রোতের কারণে আসতে কিছুটা দেরি হয়েছে। এত সময় অপেক্ষা করার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, এর আগে বিকেলে তারেক রহমানের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক দিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দলের নেতারা। পরে বিকেল ৫টা ১৭ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্মৃতিসৌধের মূল ফটকে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি (তারেক রহমান) ওখান থেকে স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিয়েছেন। যেহেতু পুষ্পস্তবক অর্পণ করার একটি নিয়মনীতি রয়েছে, সেটি সূর্যাস্তের আগে, তাই আমরা তাঁর পক্ষ থেকে ৫টা ৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করলাম।’

এরপর রাত ১০টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বাসটি জাতীয় স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা।

এর আগে শুক্রবার এদিন বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তারেক রহমান শহীদ জিয়ার মাজারে পৌঁছান এবং জিয়ারত করেন। জিযারত শেষে তিনি সাভারের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বিপুল জনস্রোতের কারণে স্মৃতিসৌধে পৌঁছতে রাত ১০ টা বেজে যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech