।।বিকে রিপোর্ট।।
জামায়াতে ইসলামী নির্বাচন চায়, তবে বিগত ৫৪ বছরের ইতিহাসের কেন্দ্র দখল-ভোট বাক্স লুটের নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্ল্যাহ মোহাম্মদ তাহের।
শুক্রবার ২৫ জুলাই বিকেলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই সরকার গঠন করেছে তারা জনগণের ভোটের নামে প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। এজন্যই জামায়াতে ইসলামী বারবার দাবি জানাচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত এবং জনগণের প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে।
এ সময় বড় দল দাবি করা দলকে জামায়াতে ইসলামীকে অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাহলে দেশ ও জাতির কল্যাণ হবে।
সাবেক এ সংসদ সদস্য বলেন, জামায়াত যখনই সংস্কারের কথা বলছে একটি দল প্রচার করছে জামায়াতে ইসলামী নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। অথচ যারা সংস্কার ছাড়া হাসিনা মার্কা নির্বাচন চায় তারাই জাতির সঙ্গে প্রতারণা করতে সংস্কারের পরিবর্তে যেনতেন নির্বাচন চায়।
ভোট চুরি, কেন্দ্র দখলের চিন্তা না থাকলে সংস্কারে আপত্তি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যার বিচার শেষ করে পিআর পদ্ধতির নির্বাচনে আসেন। বড় দল, কোনো দলের মৌলিক পরিচয় হতে পারে না। মৌলিক পরিচয় হচ্ছে আদর্শ, নীতি এবং ত্যাগের রাজনীতি।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। দলের সহকারী সেক্রেটারি সাবেক এমপি এইচএম হামিদুর রহমান আজাদ
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, বিগত ১৭ বছরে জামায়াতে ইসলামীর ওপর জুলুমের স্টিমরোলার চালানো হয়েছে। কেন্দ্রীয় অফিস থেকে শুরু করে সারা দেশে জামায়াতে ইসলামীর ওয়ার্ড পর্যায়ের অফিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসা মূলক মামলায় জামায়াতে ইসলামীর লাখ-লাখ নেতাকর্মীকে ঘরবাড়ি ছাড়া করা হয়েছে। কারাগারে আটকে অমানবিক জুলুম নির্যাতন চালানো হয়েছে। নেতৃত্ব শূন্য করতে দলের শীর্ষ ১১ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে বিচারিক হত্যা করা হয়েছে। তবুও জামায়াতের কার্যক্রম একদিনের জন্যও থেমে যায়নি।
তিনি বলেন, এখনো জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে। তবে কোনো ষড়যন্ত্রে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থেমে যাবে না। অতীতের মতো তিনি উপস্থিত কর্মীদের সমাজকর্মীর ভূমিকায় নিয়োজিত থাকার আহ্বান জানান।
দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ঢাকা-১০ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা -৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম প্রমুখ। এছাড়াও সম্মেলনে মহানগরীর কর্মপরিষদ সদস্যসহ দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।