।।বিকে ডেস্ক।।
জামালপুরে সড়ক দুর্ঘটনায় এ কে এম সামিউল হক (২৭) নিহত হয়েছেন। তিনি জামালপুরের ইসলামপুর আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার ১০ আগস্ট ভোর ৪টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ইদ্রিস আলী (৪৬) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
নিহত বিচারক এ কে এম ছামিউল হক নেত্রকোনা জেলার সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের এ কে এম ফজলুল হকের ছেলে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত বিচারক সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রাইভেটকারে করে ঢাকা লালমাটিয়া এলাকার থেকে জামালপুরের উদ্দেশ্যে বের হন। পরে ভোর ৪টার দিকে জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে বিচারক এ কে এম সামিউল হককে বহনকারী প্রাইভেটকারটি ধাক্কা দেয়।
এতে প্রাইভেটকারের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। সামিউল হক ঘটনাস্থলেই নিহত হন এবং প্রাইভেটকারটির চালক ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে জামালপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় জহুরুল ইসলাম বলেন, রাতে ঢাকা থেকে রডবোঝাই ট্রাকটি জামালপুর আসার সময় ট্রাকের একটি চাকা ফুটো হয়ে গেলে চালক ও হেলপার ট্রাকটি সড়কের ওপর রেখে ঘুমিয়ে পড়েন। প্রাইভেটকারটি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।