।। বিকে ডেস্ক রিপোর্ট ।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন জুলাই জাতীয় সনদ-এর প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং এটি বাস্তবায়নে জাতিওজনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলে জানান
মঙ্গলবার ১০ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি। এর প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ, বরং যারা সমালোচনা করছে তারা স্বাক্ষর করেছে কয়েকদিন আগে।’তিনি আরও বলেন, আমাদের বক্তব্য ছিল যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই জাতীয় সংসদে আগে যেতে হবে। সেখানে আলাপ-আলোচনা করতে হবে।
তিনি বলেন, ‘শপথ বাক্য কে পাঠ করাবেন, সেটা নির্ধারিত হবে। তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। জুলাই সনদের প্রত্যেকটা শব্দকে-অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’
অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৩৩টি অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু কোনটা কীভাবে গৃহীত হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন প্রমুখ বক্তব্য দেন।