।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর তেহরানে হাজার হাজার ইরানি উল্লাস ও বিক্ষোভ করেছেন।
মার্কিন ভোটাররা মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির হাত থেকে কংগ্রেসের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন। রিপাবলিকানদের এমন পরাজয়ের মাত্র কয়েক ঘণ্টা পর ইরানিরা উল্লাস ও বিক্ষোভ করেছেন।
বুধবার ৪ অক্টোবর তেহরানে যুক্তরাষ্ট্রের সাবেক দূতাবাসের সামনে আমেরিকা-বিরোধী বার্ষিক সমাবেশে সমবেত হয়ে উল্লাস করেছেন হাজার হাজার ইরানি।
রাজধানী তেহরানের কেন্দ্রস্থলের ওই সমাবেশ ‘আমেরিকা নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে চারপাশ মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা ইরানের জাতীয় পতাকা নাড়ান এবং ওয়াশিংটন ও ইসরায়েলের তীব্র নিন্দা জানিয়ে লেখা নানা ব্যানার প্রদর্শন করেন।
সেখানে একটি বড় ব্যানারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে শিকলে বাঁধা এক ‘রক্তমাখা বুলডগ’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে; যার শিকলের অন্য প্রান্ত ধরে রেখেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে শয়তানের অবয়বের এক চরিত্র।
অন্যান্য ব্যানারে ইরানের নিহত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে পুরো অঞ্চলজুড়ে যুদ্ধ ছড়িয়ে দেওয়া মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছিলেন তিনি।
সমাবেশস্থলে টাঙানো এক বিশাল ব্যানারে লেখা রয়েছে, মূল্য কত হবে তা নির্ধারণ করেছে ইরানের জনগণ। এর ঠিক পাশেই পুরো বিশ্বের মানচিত্রজুড়ে কালো তেলের ড্রাম সারি সারি সাজিয়ে রাখা হয়েছে। এর মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার পর অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে চলে যাওয়ার প্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানির দাম লাফিয়ে বাড়ার প্রতীকী দৃশ্য ফুটিয়ে তোলা হয়।
১৯৭৯ সালে মার্কিন দূতাবাস দখল এবং পরবর্তী জিম্মি করার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করে আয়োজিত এ সমাবেশে অংশ নিয়ে ৪০ বছর বয়সী মাহমুদখানি বলেন, ‘‘আমেরিকা বহু বছর ধরে আমাদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। কিন্তু ইরানের কোনো ক্ষতিই তারা করতে পারেনি।’’
অন্যদিকে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের বিষয়ে তেহরানের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হিসেবে ওয়াশিংটনের সাথে আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ জনগণের এই রায়কে স্বাগত জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, বিবেক থেকেই হোক কিংবা জীবনযাত্রার অনিয়ন্ত্রিত খরচের কারণেই হোক, আমেরিকান জনগণ স্পষ্টভাবে ‘যুদ্ধকে না’ বলে দিয়েছে এবং আমরা তাদের এই বার্তাকে পূর্ণ সমর্থন জানাই।
তবে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক সংলাপ নতুন করে আবারও সংঘাত শুরু হওয়ার তীব্র শঙ্কার মাঝে খুব বেশি ইতিবাচক অগ্রগতি অর্জন করতে পারেনি।
সূত্র: এএফপি।