।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার ২২ সেপ্টেম্বর সকাল ৭ টার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অন্যদিকে বেসরকারী আবহাওয়া পুর্বাভাস সাইট আবহাওয়া ডটকমের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ঢাকা শহরে উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাত ২ থেকে ৫ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। সেই সাথে ঢাকা শহর ব্যাপক জালবদ্ধতা সৃষ্টির আশংকা করা যাচ্ছে।
দুপুর ৩ টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।