।।বিকে রিপোর্ট।।
আগামীকাল তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নতুন সরকারের আমলে এটি হবে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরো গভীর করার সম্ভাবনা তৈরি করেছে।
সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজনৈতিক নেতাদের সঙ্গেও তার মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠক হওয়ার কথা রয়েছে। একাধিক কারণে হাকান ফিদানের এই সফর তাৎপর্যপূর্ণ।
২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনও দেশের পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম ঢাকা সফর।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিভিন্ন খাতে একে অপরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা রয়েছে। তবে বাংলাদেশের সাথে প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। হাকান ফিদানের ঢাকা সফরে প্রতিরক্ষা ইস্যুটি গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছর এপ্রিলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান তুরস্ক সফর করেছিলেন। সে সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।