Breaking News:


শিরোনাম :
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ১৭৮ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ১১৩ আসনে নতুন ই-বাস ও ট্রাক আমদানিতে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত মন্ত্রিসভায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়িচাপায় নিহত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি হরমুজ প্রণালিকে মার্কিন বাহিনীর ‘কবরস্থান’ বানানোর হুমকি ইরানের মে মাসে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম জ্বালানি সংকট মোকাবেলায় সংসদীয় বিশেষ কমিটির কার্যক্রম শুরু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা – বইতে পারে দমকা বা ঝড়ো হাওয়া জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি : প্রধানমন্ত্রী বিশ্বজুড়ে খাদ্য সংকটের আশঙ্কা

নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৩১ দেশি সংস্থার আবেদন

  • ১০:৪১ এএম, বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী ৩৩১টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করেছে।

মঙ্গলবার ১২ আগস্ট রাতে ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, নির্বাচন কমিশনে নির্বাচন পর্যবেক্ষক (দেশীয়) সংস্থা হিসেবে নিবন্ধনের জন্য নির্ধারিত সময় ১০ আগস্ট বিকেল ৫টার মধ্যে ৩১৮টি সংস্থা আবেদন করেছে। আর নির্ধারিত সময়ের পরে আবেদন করেছে ১৩টি সংস্থা। এর আগে গত ২৭ জুলাই নির্বাচন পর্যবেক্ষক (স্থানীয়) সংস্থা নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি।

এর আগে, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে এএমএম নাসির উদ্দীন কমিশন। পরে ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়।

ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতাসম্পন্ন বেসরকারি সংস্থাসমূহের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়। যোগ্যতাসম্পন্ন সংস্থাসমূহকে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী ৫ বছরের জন্য নিবন্ধন দেয়া হবে।

নিবন্ধিত সংস্থাসমূহ এ সময়ের মধ্যে অনুষ্ঠিত সকল নির্বাচন (জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন) পর্যবেক্ষণ করতে পারবে।

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech