।।বিকে রিপোর্ট।।
উত্তরের হিমালয়ের শীতল বাতাসে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ নিম্নমুখী । কুয়াশাচ্ছন্ন সকাল ও হিম শীতল বাতাসে উত্তরের এ জনপদে বাড়ছে শীতের তীব্রতা।
শনিবার ১৫ নভেম্বর সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যাবেক্ষণাগার সূত্রে জানা যায়, এর আগে শুক্রবার ১৪ নভেম্বর তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর বৃহস্পতিবার ১৩ নভেম্বর ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠা নামা করছে। রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা থাকলেও সকাল সাড়ে ৭টার মধ্যে কুয়াশা কেটে গিয়ে ওঠে ঝলমলে রোদ।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা কয়েক দিন তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ভোররাতে ঠান্ডা বাতাস বেশি সক্রিয় থাকায় তাপমাত্রা দ্রুত নেমে যায়।
তিনি বলেন, চলতি নভেম্বর মাসের শেষ সময় থেকে ডিসেম্বরের শুরুর দিকে এই এলাকায় একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। আর ডিসেম্বর মাসে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সর্ব উত্তরের সীমান্তবর্তী এ জেলায় ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ, বাড়ছে শীতের তীব্রতা। সকালে চারপাশ ঢেকে যায় ঘন কুয়াশায়। জেলার মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবকিছুই ঢেকে যায় সাদা কুয়াশার চাদরে। কুয়াশার কারণে সকালে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমে যেতে শুরু করেছে। দিনে রোদের কারণে কিছুটা উষ্ণতা বাড়ছে। তবে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত শীত অনুভূত হচ্ছে। এখন থেকে এ জেলায় দিনের তাপমাত্রাও দিন দিন কমতে থাকবে।