।।বিকে রিপোর্ট।।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার ৭ আগস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, দুর্নীতির অভিযোগে দুদক কর্তৃক তদন্তাধীন একটি মামলায় দুদকের রিকুইজিশন ছিল। সেটির ভিত্তিতে গোয়েন্দা কার্যক্রমে পরিচালনার মাধ্যমে মোহাম্মদপুরে নিজ বাসা থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক ভিসি নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নাজমুল আহসান কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে একাধিকবার বিতর্কের মুখে পড়েন। নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগের ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে তদন্ত শুরু করে।
গ্রেফতারের পর তাকে দুদকে হস্তান্তর করে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।