।।বিকে রিপোর্ট।।
গতকাল মধ্য রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়।
রবিবার ১২ অক্টোবর রাত ১টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে। ঘটনাস্থল রণক্ষেত্রে পরিণত হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিই। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সংঘর্ষ শুরু হওয়ার পরে উভয়পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপও হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম ও অন্যান্য ছাত্রনেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে কাজ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দেয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় টহল দিচ্ছে।