।।বিকে ডেস্ক।।
মধ্যরারেত মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এই তিনটি ভূমিকম্প সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।
এতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্রের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, রাত সোয়া ১২টা থেকে দেড়টার মধ্যে সীমান্ত এলাকায় এসব ভূমিকম্প সংঘটিত হয়।
প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূমিকম্পের কারণে সীমান্তঘেঁষা কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম অঞ্চলে কাঁপুনি অনুভূত হয়। এর রেশ কাটতে না কাটতেই ঠিক এক মিনিট পর ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। তুলনামূলক শক্তিশালী এই ভূমিকম্পের প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এই জোড়া ভূকম্পনের পর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলায় তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পটির প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়।
মধ্যরাতে পরপর তিন দফা এমন ভূকম্পনের কারণে দেশের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এসব ভূমিকম্পে এখন পর্যন্ত দেশের কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।