Breaking News:


শিরোনাম :

মাউন্ট এভারেস্টে ভয়াবহ তুষারঝড়: আটকা ১ হাজার পর্যটক, ৩৫০ জন উদ্ধার

  • ১২:২১ পিএম, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর তাদের কয়েক শ জনকে উদ্ধার করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। পর্বতটির পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে হাজারখানেক মানুষ আটকা পড়েছিলেন।

গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত ছিল। ফলে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ সেখানে আটকা পড়েন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিব্বতের দুর্গম পাহাড়ের ঢালে উদ্ধার প্রচেষ্টা চলছে, শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়, যাতে আটকা পড়াদের কাছে পৌঁছানো যায়।

চীনা গণমাধ্যম কয়েকজন পর্যটককে উদ্ধার করার কথা জানিয়েছে।

৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) এরও বেশি উচ্চতায় অবস্থিত এই এলাকায় তুষারপাতের কারণে প্রবেশাধিকার বন্ধ হয়ে যাওয়ায় শত শত স্থানীয় গ্রামবাসী এবং উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

চীনের সেন্ট্রাল টিভি জানায়, রবিবার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তারা কুডং শহরে পৌঁছেছেন।

আরো বাদবাকি ২০০ জনের বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা উদ্ধারকর্মীদের সহায়তায় ধাপে ধাপে কুডং শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে সিসিটিভির খবরে।

শনিবার রাত থেকে স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ রেখেছে।

তিব্বতের দক্ষিণের দেশ নেপালে ভারি বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech