।।বিকে রিপোর্ট।।
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনের ঘটনায় ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ১৪ অক্টোবর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব মরদেহ ‘আনোয়ার ফ্যাশন’ নামের পোশাক কারখানাকে উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, আজ বেলা ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ১১টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর আরও ৭টিসহ মোট ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।
তালহা বিন জসিম বলেন, কসমিক ফার্মা কোম্পানির কেমিক্যালের গোডাউন ও আরেকটি গার্মেন্টসে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন ফায়ার সদস্যরা।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘তল্লাশি অভিযান এখনো চলমান। পাশের যে কেমিক্যাল গোডাউন রয়েছে, সেখানে এখনো আগুন জ্বলছে। এটা খুবই ঝুঁকিপূর্ণ। ওখানে কাউকে যেতে দিচ্ছি না। আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে, ড্রোন দিয়ে এসব কার্যক্রম করছি।’
কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে আগুনের ঘটনায় ধোয়ায় অসুস্থ হয়ে পড়া সুরুজ (৩০) ও মামুন (৩৫) নামে দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দুপুরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের শরীরে দুই শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া দু’জনেরই ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দু’জনকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। রাসায়নিকের গুদামে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পারঅক্সাইড ছিল।