।।বিকে রিপোর্ট।।
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো লাইনের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী যুবকের নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে নিহত যুবকের নামপরিচয় জানাতে পারেনি।
রবিবার ২৬ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, ঘটনাস্থলেই ওই পথচারীর মারা যায়।
তিনি বলেন, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের ফুটপাত দিয়ে এক পথচারী হেঁটে যাচ্ছিলেন। এমন সময় উপর থেকে বেয়ারিং প্যাড তার মাথার উপরে পড়লে তিনি স্পট ডেড হন। উল্লেখ্য, বেয়ারিং প্যাড বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি উপাদান, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো হয়।
এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আমরা বেয়ারিং প্যাড পড়ে যাওয়ার বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবগত করেছি। বর্তমানে মেট্রো চলাচল বন্ধ রয়েছে।
মরদেহ উদ্ধার করে এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
প্রসংগত, এর আগে গত ১৮ সেপ্টেম্বর ঢাকার ফার্মগেট ও বিজয় সরণির একটি অংশে মেট্রো লাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিং থেকে একটি স্প্রিং সরে যায়। ফলে ঐ অংশ টুকু মেট্রো নিয়মিত ধীরগতিতে চলাচল করতো। সংকলিত।।