।। বিকে ডেস্ক ।।
তেল সংকটে, অতিরিক্ত পরিবহন খরচ, সবজির মৌসুম শেষ, সরবরাহ কমসহ বিভিন্ন কারণে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকার বেশি।
শুক্রবার ১৭ এপ্রিল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।
এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমসিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা। অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকায় খরচ মেলাতে পারছেন না এক সপ্তাহের সবজির চাহিদা।
আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন প্রতি কেজি ১০০ থেকে ১৪০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ১০০ টাকা, ধন্দুল প্রতি কেজি ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া প্রতি কেজি মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার করতে এসে চাকরিজীবী সুমন ইসলাম বলেন, ‘আজ বাজার করতে এসে দেখছি সব ধরনের সবজির দাম অনেক বাড়তি। বেশিরভাগ সবজি ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তাছাড়া অন্যগুলো ৮০ টাকার ঘরে।’
তিনি বলেন, ‘প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম খুব বেশি যাচ্ছে। যে যার মতো ইচ্ছে করে বাড়তি দাম আদায় করছে। অথচ বাজার মনিটরিংয়ের কোনও উদ্যোগ দেখছি না।’
অপরদিকে বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৪৫০ টাকায় উঠেছিল।
এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা।