।।বিকে রিপোর্ট।।
রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের- বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার ২৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত?’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখানে উপজেলা চেয়ারম্যানের কাজ নিয়ে নিয়েছেন সংসদ সদস্য; যেটা তার কাজ নয়। আইন প্রণয়নের বদলে রাস্তা উন্নয়ন, ভবন উন্নয়ন, এমনকি গাড়ি কেনা হবে কি না, সেটা নিয়েও কথা বলেছেন তারা। রাষ্ট্রের সিস্টেমটাই হয়ে গেছে দখলের।
বিএনপি মহাসচিব বলেন, যখন একটা প্রগতিবাদী সমাজ দেখতে চাই, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সুষ্ঠু ব্যবস্থা চাই, যখন জনগণের বৈষম্য কমিয়ে আনতে চাই… তখন যদি দেখি সম্পূর্ণ ভিন্নভাবে ভিন্ন চিন্তা করা হচ্ছে, ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে মানুষের চিন্তা ভাবনাগুলো এবং উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন হতাশা আসে।
তিনি বলেন, বিগত ১৫ বছরে আওয়ামী লীগ দেশকে সর্বস্বান্ত করে দিয়েছে। প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। দেড় বছরে সেই ক্ষতি পূরণ হবে, এমনটা ভাবা যাবে না।
তিনি আরও বলেন, কোনো কোনো ক্ষেত্রে দায়িত্বরত উপদেষ্টারাও অসহায় হয়ে পড়ছেন। একজন মফস্বলের শিক্ষককে সমস্যা সমাধানের জন্য ঢাকায় আসতে হয়। এটার তো প্রয়োজন ছিল না। এর জন্য দায়ী সিস্টেম। মফস্বলের শিক্ষক যদি সেন্ট্রালে না আসেন, তাহলে ঘুষটা আসবে কোথা থেকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, স্কুলের শিক্ষক নিয়োগ হয় ঘুষ দিয়ে, নার্স নিয়োগ হয় ঘুষ দিয়ে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু প্রমুখ।