।।বিকে ডেস্ক।।
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে এক অভিযানে ৩২৭ রাউন্ড তাজা রাইফেলের গুলিসহ এক নারীকে আটক সহ অন্য অভিযানে একটি বিদেশি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করেছে র্যাব।
সোমবার ২৪ আগস্ট বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক।
আটক নারী টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ও শামসুল আলমের স্ত্রী সামসুন নাহার (১৮)।
র্যাবের মিডিয়া কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাকির ডেইল পাহাড়ের পাদদেশে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ মজুত রয়েছে। এর ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেলে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাবমেশিন গান (এসএমজি) উদ্ধার করে র্যাব।
উদ্ধার করা অস্ত্রটির বিষয়ে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্নভাবে অনুসন্ধান করা হলেও তাৎক্ষণিকভাবে এর মালিকানা কিংবা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।
একই দিন সন্ধ্যায় র্যাবের আরেকটি দল টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে অভিযান চালায়। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়।
পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা জানান, উদ্ধার করা পরিত্যক্ত অস্ত্র এবং তাজা গুলিসহ আটক নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।