।।বিকে রিপোর্ট।।
লক্ষ্মীপুরে অবৈধভাবে প্রস্তুত করা ভোটের ছয়টি সিলসহ সোহেল রানা নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করা হয়।
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী বিকেলে শহরের পুরাতন আদালত রোডের মারইয়াম প্রেস থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল সদর উপজেলার টুমচর ইউনিয়নের বাসিন্দা ও মারইয়াম প্রেসের স্বত্বাধিকারী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মারইয়াম প্রেসে অভিযান চালায়। এ সময় দোকান থেকে ভোটে ব্যবহৃত ছয়টি সিল উদ্ধার করা হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ ঘটনাস্থলে আসেন। পরে সিলসহ একটি মোবাইল ফোন ও কম্পিউটার জব্দ করে আটক সোহেলকে থানায় নিয়ে যাওয়া হয়।
আটক সোহেল রানা জানান, অর্ডার পেয়ে তিনি সিলগুলো বানিয়েছেন। তবে কে বা কারা সিল বানানোর অর্ডার দিয়েছেন, তা প্রকাশ করেননি তিনি।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মাহমুদ নাহিদ বলেন, কোনোভাবেই এই প্রেসে ভোটের সিল বানানো যাবে না। এটি অবৈধ। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে তিনি কোনো বক্তব্য করেননি।