।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বাংলাদেশ সরকারের অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার ২৬ নভেম্বর নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসেঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি, এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এই অনুরোধটি চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যালোচনা করা হচ্ছে। বাংলাদেশ জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। এ বিষয়ে আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।
এদিকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে ভারত।
জয়সওয়াল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের কাছ থেকে নতুন করে একটি অনুরোধ এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়ার পর এই অনুরোধ পাঠানো হয়েছে।
উল্লেখ্য শেখ হাসিনা ২০২৪ সালের আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন। গত বছরের জুলাইয়ে ছাত্র-জনতা নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যান তিনি।
সম্প্রতি বাংলাদেশে ঘোষিত রায়ের উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো জানায়, গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। সেই অনুরোধই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে বলে জানিয়েছে জয়সওয়াল।
সূত্র: রয়টার্স, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস