।।বিকে রিপোর্ট।।
আজও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল বের হয় রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে। ওই সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর সকাল আটটার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ৭০ থেকে ৮০ জনের একটি ঝটিকা মিছিল বের করে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক।
তিনি জানান, সকালে সাত-আটজন এক জায়গায় জড়ো হলে পুলিশ তাদেরকে চার্জ করার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। তাদের মধ্য থেকে কয়েকজনকে ধরে ফেললে আরো কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে জয় বাংলা স্লোগান দিতে থাকে।
ওসি ইমাউল হক আরও বলেন, ঝটিকা মিছিল করতে আসা ব্যক্তিদের একটি অংশ এসেছিল পায়ে হেঁটে। আর একটি অংশ এসেছিল মোটরসাইকেলে করে। যাদের আটক করা হয়েছে, তাদের ছাড়িয়ে নেয়ার চেষ্টা করেছিল একটি দল। পরে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
এ সময় পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ৬ জনকে আটক করেছে। আটক পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।জানা গেছে আটককৃত ব্যক্তিরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের নেতা বিন ইয়ামিনের অনুসারী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে শ্যামলী শিশুমেলা থেকে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত একটি মিছিল বের করার চেষ্টা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পুলিশ ৬ জনকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকে।