শিরোনাম :
চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ফিলিপাইনে বিমানবাহিনীর দুই বিমানের সংঘর্ষে ৪ পাইলট নিহত ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ২২৪৯ জন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী পিএইচপি ত্রুটি বৈশ্বিক সাইবার নিরাপত্তা সতর্কতা: বন্ধ রাখা হলেও হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ টানা ৫ দিনের ছুটি শেষ, খুলল অফিস আদালত- সড়কে যানজট, গণপরিবহনে ভিড় চেনা রূপে ফিরেছে ঢাকা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একাধিক বিকল্প প্রস্তাব সংবিধান বিশেষজ্ঞদের সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

সিংহ শিকারের জন্যই বের হয়: মোদিকে থালাপতি বিজয়ের হুঁশিয়ারি

  • ১২:৪৫ পিএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
একটি সিংহ ভিড়ের মধ্যে থাকতে জানে, আবার একা থাকতেও জানে। সিংহ কেবল শিকারের জন্য বের হয়, বিনোদনের জন্য নয়- বলেছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়।

গত বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে নিজ দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে বক্তব্য দেন এই অভিনেতা ও রাজনীতিক।

ভারতের তামিল সিনেমার জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা থালাপতি বিজয়- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপিকে ‘ফ্যাসিবাদী বিজেপি’ আখ্যা দিয়ে এই আদর্শগত শত্রুর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। এ সময় তিনি বিজেপির ওপর রাগও ঝাড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মাদুরাইয়ের পারাপাথিতে তার দল তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে’র দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজার হাজার সমর্থক জড়ো হয়। সেখানেই বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ‘একলা চলো’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন।

শুধু নিজে লড়ার ঘোষণাই নয় পাশাপাশি রাজ্য নির্বাচনে কোন জোটের সম্ভাবনাও উড়িয়ে দিয়েছেন তিনি। সমাবেশে বিজয় বিজেপিকে ‘আদর্শগত শত্রু’ এবং ক্ষমতাসীন ডিএমকে-কে ‘একমাত্র রাজনৈতিক শত্রু’ হিসেবে উল্লেখ করেন।

অভিনেতা বিজয়ের ভাষ্যে, ‘আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি। আর আমাদের রাজনৈতিক শত্রু হলো ডিএমকে – দ্রাবিড় মুনেত্র কাজাগাম।

তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে এমন কোনো দল নয়, যারা কাউকে ভয় পায় বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায়। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সঙ্গে আছে। চলুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি।

দলের দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে বিজয় ইতিহাসের উদাহরণ, আঞ্চলিক গর্ব এবং আবেগঘন প্রতীক ব্যবহার করে টিভিকে-কে তামিলনাড়ুর নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেন। ২০২৬ সালে প্রথমবারের মতো নির্বাচনে লড়বে তার দল।

বিজেপির সঙ্গে জোটের গুজব নাকচ করে তিনি স্পষ্ট করেন, টিভিকে কোনো ধর্মবিরোধী দল নয়, বরং জনগণের দল। তার দাবি, তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে।

জনসেবা ও নৈতিক স্পষ্টতার ওপর দাঁড়িয়ে বিজয় টিভিকে-কে ‘বিঘ্নকারী শক্তি’ হিসেবে চিত্রিত করেন। বিজেপিকে তিনি আখ্যা দেন ‘জনবিরোধী নীতি’ অনুসরণকারী এবং ‘কেন্দ্রীভূত শাসন মডেল’-এর দল হিসেবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এনইইটি বাতিল করুন! আপনি কি পারবেন, নরেন্দ্র মোদি আগরওয়াল? বিজয়ের অভিযোগ, একগুঁয়েমির কারণে কেন্দ্র শিক্ষার্থীদের ওপর এই পরীক্ষা চাপিয়ে দিয়েছে।

তামিলনাড়ুর শিক্ষার্থীদের কষ্টকে কেন্দ্র অবহেলা করছে বলে অভিযোগ করে থালাপতি বিজয় সতর্ক করেন, আঞ্চলিক উদ্বেগ উপেক্ষা করলে বিজেপিকে রাজনৈতিক মূল্য দিতে হবে।

তিনি আরও বলেন, ‘সিংহ সব সময়ই সিংহ। একবার গর্জন করলে সেই শব্দ আট কিলোমিটার পর্যন্ত কম্পন সৃষ্টি করে। এমন সিংহ শিকার করতে বের হয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ থাকে মাত্র একটি। সিংহই জঙ্গলের রাজা। সিংহ জানে কী করে টিকে থাকতে হয়।

মোদির সমালোচনা করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন ২০২৯ সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি, পদ্মপাতায় যেমন জল আটকে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না।

দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিজের দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট হিসেবে তুলে আনার চেষ্টা করছেন থালাপতি বিজয়। রাজ্যের ক্ষমতায় থাকা দ্রাবিড় মুনেত্র কাজাগাম – ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে আনার চেষ্টায় রয়েছেন বিজয়।

উল্লেখ্য, তামিল রাজনীতিতে রুপালি পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোন ঘটনা নয়। এনটি রামা রাও থেকে শুরু করে জয়ললিতা, কমল হাসান থেকে হালের থালাপতি বিজয়, প্রায় সকলেই নিজস্ব স্টাইলে জয় করেছেন ভোটারদের মন। এবার সেই লক্ষ্যে আরেকটু এগোলেন সুপারস্টার থালাপতি বিজয়।

দক্ষিণী সিনেমার এই সুপারস্টার গত বছর তামিলাগা ভেটরি কাজাগাম – টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। এবারই তিনি প্রথমবার নির্বাচনে অংশ নেবেন। ২০২৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন।

সূত্র: ইন্ডিয়া টুডে, নিউজ১৮

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech