।।বিকে রিপোর্ট।।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রবিবার ২১ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দলের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
দেশবাসীর কাছে দোয়া চেয়ে শাকিল জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ডাক্তারের পরামর্শে সিঙ্গাপুর যাচ্ছেন। সোমবার ২২ সেপ্টেম্বর সকালে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেনকে সঙ্গে নিয়ে তার রওয়ানা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদ ও জাপা নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরেআইনশৃঙ্খলা বাহিনীতে থাকা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার এজেন্টদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ঘটনার দিনই তাকে হাসপাতালে আনা হলে জরুরি ভিত্তিতে একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা কার্যক্রম শুরু করা হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এরপর আরও বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং তাদের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলতে থাকে। গত ১৫ সেপ্টেম্বর তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে বাসায় ফেরেন। দীর্ঘ ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ ও পরে বেসরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছেন।
গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে একইসঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন অতিক্রম হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোন অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।