।।বিকে ডেস্ক।।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঝটিকা মিছিলের চেষ্টাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার ২৪ সেপ্টেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ।
অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, ঝটিকা মিছিল ও অপ-তৎপরতাকারীদের পেছনে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেওয়া হচ্ছে।
এ সময় রাজধানীর হোটেল, ছাত্রবাস ও ফ্লাটে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী থাকলে পুলিশকে জানানোর আহ্বান করেন পুলিশের এ কর্মকর্তা। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানান তিনি।