Breaking News:


শিরোনাম :

বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, চট্টগ্রামে মহাসড়ক অবরোধ

  • ১২:২৮ পিএম, বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
সড়ক দূর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজতের নেতাকর্মীরা।

বুধবার ৮ অক্টোবর সকাল থেকে সড়ক অবরোধের ফলে যানচলাচল বন্ধ রয়েছে, আটকা পড়েছে শত শত গাড়ি।

জানা গেছে, মঙ্গলবার ৭ অক্টোবর বিকেলের দিকে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দুর্ঘটনায় মাওলানা সোহেল চৌধুরী (৫০) নামের এক হেফাজত নেতার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহেল চৌধুরী মোটরসাইকেল চালিয়ে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় পেছন থেকে আসা একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন মাওলানা সোহেল।

পরে আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাওলানা সোহেল চৌধুরীর গ্রামের বাড়ি সন্দ্বীপ উপজেলায়। তবে তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় বসবাস করছিলেন। স্থানীয় ও ধর্মীয় অঙ্গনে তিনি হেফাজতের সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, তারা (হেফাজত নেতাকর্মীরা) সড়ক অবরোধ করে রেখেছে। আমরা তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

জানা গেছে, নিহত সোহেল চৌধুরী জন্মস্থান সন্দ্বীপ উপজেলায় হলেও তিনি দীর্ঘ বছর ধরে রাউজান পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তিনি হেফাজতের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech