Breaking News:


মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

  • ০৬:৫৩ পিএম, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে টহল দেওয়ার সময় বান্দরবানের তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে আহত হয়েছেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য।

রবিবার ১২ অক্টোবর সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রুতে এ ঘটনা ঘটে বলে বিজিবি রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান।

বিস্ফোরণে আহত বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) সদস্য ল্যান্স নায়েক আক্তার হোসেনকে রামু সিএমএইচ এ ভর্তি করা হয়েছে। তিনি মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রেজু আমতলী বিওপি’র আওতাধীন বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে নায়েক আক্তর হোসেনের ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিস্ফোরণের পরপরই সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।

ঘটনাস্থলটি মিয়ানমার সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় মাইন বিস্ফোরণের উৎস নিয়ে তদন্ত চলছে বলে জানা গেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজাহারুল ইসলাম চৌধুরী বলেন, ঘুমধুম সীমান্তে বিজিবির এক সদস্য স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন বলে শুনেছি। তবে তার সম্পূর্ণ পরিচয় এখনো পর্যন্ত পাইনি।

উল্লেখ্য, মিয়ানমারে বহুপক্ষীয় সংঘাতের মধ্যে সীমান্তে আরাকান আর্মির পেতে রাখা মাইনে এর আগেও বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে। গত ৬ এপ্রিল কক্সবাজারের টেকনাফ উপজেলার মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের পা উড়ে যায়। ২২ জুন নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক কিশোরের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

এই নাইক্ষ্যংছড়িতেই ১১ অগাস্ট স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি উড়ে যায়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech