Breaking News:


এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ বাড়ছে : ২ ধাপে কার্যকর, আন্দোলন প্রত্যাহার

  • ০৮:০৪ পিএম, মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ২১ অক্টোবর অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ নভেম্বর ২০২৫ থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ নির্ধারণ এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য ১ নভেম্বর থেকে ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) এবং আগামী বছরের জুলাই থেকে ৭ দশমিক ৫ শতাংশ মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা কার্যকর হবে।

এর আগে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২ হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

তবে ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে দাবি আদায়ে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যান। মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করেন তারা। সেই সঙ্গে চলে আমরণ অনশন।

এই ঘোষণার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি।

তিনি বলেন, আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।

এর আগে, দীর্ঘদিন ধরে শিক্ষকরা বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজপথে অবস্থান করে আসছিলেন। সরকারের পক্ষ থেকে পরিপূর্ণ আশ্বাস ও প্রজ্ঞাপন জারির পর তারা আন্দোলন স্থগিত করলেন।

শিক্ষকদের আন্দোলন প্রত্যাহারে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম পুনরায় শুরু হবে বলে আশা করা হচ্ছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech