।।বিকে রিপোর্ট।।
রাজধানীর হাতিরঝিলে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। এছাড়াও বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৭টার মধ্যে মিরপুরের বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এলাকায়, মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
শনিবার ১৫ নভেম্বর বিকেল সাড়ে পাঁচটা থেকে সাড়ে ৭টার মধ্যে এসব ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটেছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
তিনি জানান, হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সহকারী কমিশনার (এসি) মো. মিজানুর রহমান জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিআরটিএ এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা জানা যায়নি।
অন্যদিকে পল্লবী থানা পুলিশ বলছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মিরপুর-১২ মেট্রো স্টেশনের নিচে আচমকা ২টি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশ উপস্থিত রয়েছে।