।।বিকে রিপোর্ট।।
বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক কার্যক্রম বা ‘ট্রায়াল রান’ এর অংশ হিসেবে প্রথম পণ্যবাহী ট্রাক লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে এসে পৌঁছেছে।
শুক্রবার ২৮ নভেম্বর ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ভুটান সরকার কর্তৃক থাইল্যান্ড থেকে আনা প্রায় ৭ টন প্রসাধনী ও খাদ্যপণ্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নিয়ে আসা হয়।
বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ থেকে জানা গেছে, শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। তবে আজকে কোনো পারমিট না পাওয়ায় শনিবার ২৯ নভেম্বর শনিবার ইমিগ্রেশন সম্পন্ন করে পণ্য ভুটানের উদ্দেশ্যে পাঠানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, রোড পারমিট সম্পন্ন হওয়ার পর বুড়িমারী স্থলবন্দর থেকে ট্রাকটি ভারত হয়ে ভুটানের উদ্দেশে যাত্রা করবে। এতে বাংলাদেশ–ভুটান–ভারত ত্রিপক্ষীয় ট্রানজিট প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হলো।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের অংশ হিসেবে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দর থেকে সাড়ে ছয় টনের এই পণ্যভর্তি চালান বুড়িমারী হয়ে ভারতের ভূখণ্ড ব্যবহার করে ভুটানে যাওয়ার কথা নির্ধারিত ছিল।
বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বাংলাদেশ-ভুটান সুসম্পর্ক হলে বাংলাদেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি বুড়িমারী স্থলবন্দর আরও গতিশীল হবে। এতে সব পেশার মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।
বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ ব্যবসায়ী ইবনে সুমন জানান, বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেলে স্থলবন্দরের কর্মসংস্থান বাড়বে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।