হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক আটক

  • ০২:১৭ পিএম, রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার ১৪ ডিসেম্বর সকালে তাকে গ্রেফতারের কথা জানানো হয়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, আজ সকালে আব্দুল হান্নানকে র‍্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করে। আটক করার পর আজ সকালেই তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানায়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।

এরই ধারাবাহিকত মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল হান্নান মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন।

র‌্যাব আরও জানায়, মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাগঞ্জ। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় র‌্যাব।

এর আগে পুলিশ জানায়, ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে।

উল্লেখ্য, শুক্রবার ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে রিকশায় করে যাওয়ার সময় ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। ওই সময় মোটরসাইকেলে করে এসে দুজন তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়।

পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। একপর্যায়ে পরিবারের ইচ্ছায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech