।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির সপ্তম দিনে ১৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার ১৬ জানুয়ারী বিকেল ৩টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে শুনানী শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।
শুনানিতে মোট ৪৩টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এতে ১৮টি আপিল আবেদন মঞ্জুর, ২১টি আবেদন নামঞ্জুর এবং ৪টি আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
এছাড়া মনোনয়নপত্র বৈধ হওয়ার বিরুদ্ধে (গ্রহণ) করা ৪টি আপিলও নামঞ্জুর করেছে কমিশন। শুনানিতে জটিলতা থাকায় ৪টি আপিল আবেদন রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।
কমিশন ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল ১৭ জানুয়ারি (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্রমিক নম্বর ৫১১ থেকে ৬১০ পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। এরপর ১৮ জানুয়ারি (রবিবার) শেষ দিনে ৬১১ থেকে ৬৪৫ নম্বর ও অবশিষ্ট অপেক্ষমাণ আপিল নিষ্পত্তির মধ্য দিয়ে এই কার্যক্রম শেষ হবে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়ে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে রিটার্নিং কর্মকর্তারা ৩ শ’ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টিকে বৈধ এবং ৭২৩টিকে বাতিল ঘোষণা করেছিলেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
এর পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন করা হয়েছে। সংশোধিত তফসিল অনুযায়ী নির্বাচন সময়সূচিতে আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত।