।।বিকে রিপোর্ট।।
গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামছুল হকের বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার ২৮ জানুয়ারি রাত পৌনে ১০ টার দিকে শহরের পোস্ট অফিস রোডে বাসভবনে এ ঘটনা ঘটে। কে বা কারা ককটেল নিক্ষেপ করেছে, তা এখনো জানা যায়নি।
ককটেল বিস্ফোরণে বিকট শব্দে পুরো শহর কেঁপে ওঠে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা এ ককটেল নিক্ষেপ করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে যখন শহরজুড়ে স্বাভাবিক কার্যক্রম চলছিল, ঠিক তখন হঠাৎ জেলা ও দায়রা জজের বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
ঘটনার পরপরই গোপালগঞ্জের পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থলে যায় সেনাবাহিনীও। পুলিশ পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ করেছেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ গণমাধ্যমকে জানান, সীমানা প্রাচীরের মধ্যে বাসভবনের খানিকটা সামনে থেকে কৌটা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে গোয়েন্দা সংস্থা কাজ শুরু করেছে।
নির্বাচনকে সামনে রেখে জনমনে আতঙ্ক সৃষ্টি করতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এতে কারও কোন ক্ষয়ক্ষতি হয়নি। দুর্বৃত্তদের চিহ্নিত করতে পুলিশ, র্যাব,ও সেনাবাহিনী একযোগে কাজ করছে। ওই এলাকার বিভিন্ন বাসাবাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগে গত সোমবার ২৬ জানুয়ারি রাত পৌনে ১০টার দিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের ব্যবধানে ফের ককটেল বিস্ফোরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।