।।বিকে রিপোর্ট।।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে ডিবি।
এখন দেখা হচ্ছে এটি সত্যিই হ্যাক হয়েছে কি না। যদি হ্যাক হয়ে থাকে তাহলে কারা এবং কিভাবে হ্যাক করেছে, তা তদন্ত করা হচ্ছে- বলে জানিয়েছেন ডিবির সাইবার ক্রাইম ইউনিটের জয়েন্ট কমিশনার সৈয়দ হারুন অর রশীদ।
রবিবার ১ ফেব্রুয়ারি সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জনান।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডল থেকে নারীদের নিয়ে একটা অবমাননাকর পোস্ট ভাইরাল হয়।
কর্মজীবী নারীদের বিষয়ে করা একটি আপত্তিকর পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল শোরগোলের মধ্যেই তিনি ও তার দল জানিয়েছেন যে, ওই অ্যাকাউন্টটি শনিবার বিকেলে কিছুক্ষণের জন্য হ্যাক হয়েছিল। এবং সেই সময়ের মধ্যেই ওই পোস্টটি করা হয়েছে।
জামায়াতে ইসলামী বলছে, ওই পোস্টটি মি. রহমান বা তার অ্যাকাউন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা করেননি বরং বিষয়টি তাদের দৃষ্টিতে পড়ার পর তারা মাত্র ৪৫ মিনিটের মধ্যেই অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছিলেন।
পরে দলটির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার দিকে হঠাৎ করেই হ্যাক হয় জামায়াত আমিরের ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট। এর কিছুক্ষণ পরই সাড়ে ৪টার দিকে আইডি থেকে নারী অবমাননাকর ও অপ্রত্যাশিত পোস্ট করা হয়।
এই হ্যাকিংয়ের সাথে ‘একটি বিশেষ দল ও তাদের সাইবার টিম জড়িত’ বলে আজ রবিবার এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
ওদিকে সারাদেশে ওই পোস্ট নিয়ে তুমুল সমালোচনার ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি।
ওই পোস্টে কর্মজীবী নারীদের অবমাননা করা হয়েছে অভিযোগ করে এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। সামাজিক মাধ্যমেও এ নিয়ে অনেকের সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের আমীর।
ওদিকে আইডি হ্যাক করে বিতর্কিত পোস্ট দেওয়ার পর আবার আইডির নিয়ন্ত্রণ ফিরে পাবার যে দাবি জামায়াতে ইসলামী করেছে তা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে।
সাইবার অপরাধ বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা বলছেন, এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হলে রিকভারি প্রক্রিয়া সাধারণত কয়েকটি টাইম স্লটে ভাগ করে এগোয় এবং প্রতিটি ধাপে আলাদা সময় লাগে।
প্রসঙ্গত, সম্প্রতি আল–জাজিরার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকার জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে আলোচনায় এসেছিলেন মি. রহমান।