।।বিকে রিপোর্ট।।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে অধ্যাদেশগুলোর মধ্যে ১৪টি অধ্যাদেশ বিল আকারে সংসদে পাস করেছে জাতীয় সংসদ। এছাড়া দুটি অধ্যাদেশ আইনে রূপান্তরের জন্য বিল আকারে উত্থাপন করা হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ১৪টিসহ মোট ১৬টি বিল উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।
সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে বিলগুলো উত্থাপন করেন এবং পরে ভোটে দেওয়া হলে সংসদ সদস্যরা কণ্ঠভোটে বিলগুলো পাস করেন।
পাস হওয়া অন্য বিলগুলোর মধ্যে রয়েছে—‘দেওয়ানি আদালত (সংশোধন) বিল, ২০২৬’, ‘নিবন্ধন (সংশোধন) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল, ২০২৬’। ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’সহ একাধিক বিল পাস করা হয়েছে।
এ ছাড়াও আজ সংসদে পাস হওয়া অন্যান্য বিলের মধ্যে রয়েছে— ‘বিদ্যুৎ ও জ্বালানির সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (পরিপূরক) (অর্থবছর ২০২৪-২৫) বিল, ২০২৬’, ‘নির্দিষ্টকরণ (অর্থবছর ২০২৫-২৬) বিল, ২০২৬’, ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি বিল, ২০২৬’, ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘বাণিজ্যিক আদালত বিল, ২০২৬’।
এ ছাড়া আরও দুটি বিল আজ সংসদে উত্থাপন করা হয়েছে। এগুলো হলো—‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) (রহিতকরণ) বিল, ২০২৬’ এবং ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) বিল, ২০২৬’।
এদিকে আজ সকালে অন্তর্বর্তী সরকারের ৮টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাস করা হয়। আর একটি বিল উত্থাপন করা হয়।
সকালের অধিবেশনে পাস হওয়া বিগুলো হচ্ছে- ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল’ কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল, সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) বিল, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) বিল ও রেজিস্ট্রেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) বিল ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় (সংশোধন), ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) বিল’।
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদীয় বিশেষ কমিটি ৯৮টি বিলকে মূল আকারে এবং ১৫টি সংশোধিত আকারে অনুমোদনের সুপারিশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার জন্য গঠিত বিশেষ কমিটি গত ২ এপ্রিল সংসদে তাদের প্রতিবেদন উপস্থাপন করে।