শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

ট্রাম্পের নৈশভোজে গুলি, হামলাকারী গ্রেফতার

  • ০১:০২ পিএম, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে নৈশভোজের সময় গোলাগুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তারা নিরাপদ আছেন বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।

শনিবার ২৫ এপ্রিল (স্থানীয় সময়) ওয়াশিংটন হিলটন হোটেলে এ ঘটনা ঘটে। সিএনএন, বিবিসিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

‘গুলির ঘটনায়’ সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

পরে হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সন্দেহভাজন হামলাকারীর কাছে ‘একাধিক অস্ত্র’ ছিল। সিক্রেট সার্ভিসের কিছু অত্যন্ত সাহসী সদস্য এই সন্দেহভাজন হামলাকারীকে ধরাশায়ী করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে হঠাৎ শোনা যায় বিকট শব্দ।

তৎক্ষণাৎ জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা। সরিয়ে নেওয়া হয় অতিথিদেরও।

ঘটনাস্থলে থাকা নিরাপত্তা বাহিনীর একজন সদস্যের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান। তার আগে অতিথিদের অনেককেই টেবিলের নিচে সাময়িক আশ্রয় নিতে দেখা যায়।

এ ঘটনার কিছু পরে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।

পোস্টে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘ডিসিতে (ওয়াশিংটন ডিসি) বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও লিখেছেন, ‘শুটারকে গ্রেফতার করা হয়েছে এবং আমি বলেছি যে আমরা ‘‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’’। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।’

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech