।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের অন্তত ১০ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ১২ মে পৃথক দুটি আবহাওয়াবার্তায় এ তথ্য জানিয়েছ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা সহ ১০ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এর মধ্যে অভ্যন্তরীণ নদী বন্দরের জন্য ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার জন্য আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে অস্থায়ীভাবে হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে এ সময়ের রাজধানী ঢাকার তাপমাত্রা আগের তুলনায় কিছুটা বাড়তে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
সেই সঙ্গে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সারাদেশের বর্ধিত পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া,টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।