।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ১৪ অঞ্চলে ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
রবিবার ১৭ মে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
অপর এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এ ছাড়া পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় আরেকটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে।
গতকাল শনিবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বর্ধিত পূর্বাভাসে জানানো হয়েছে, মাদারীপুর, লক্ষ্মীপুর, রাজশাহী ও পাবনা জেলাসহ পুরো খুলনা বিভাগের উপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে একইসাথে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু বিভাগে ঝড়-বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।
রবিবার ১৭ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ দিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার ১৮ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে। রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ ও সিলেটে ভারী বর্ষণের শঙ্কা রয়েছে। এই ২৪ ঘণ্টায় সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া পরবর্তী ৫ দিনের বর্ধিত আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও জানানো হয়েছে।