।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার ১৯ মে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস এবং ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ ছাড়া দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।