।।বিকে ডেস্ক।।
ঝিনাইদহের কোটচাঁদপুরে তেলবাহী একটি ট্রেনের তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রবিবার ৭ জুন সকাল ৬টার দিকে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার নয়ন হোসেন জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী তেলবাহী মালগাড়ী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে সকাল ৬টার দিকে পেছনের ৩টি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি গণমাধ্যমকে বলেন, ট্রেনটি খুলনা থেকে তেল নিয়ে পার্বতীপুরে যাচ্ছিল। পথে সাফদারপুর রেলওয়ে স্টেশন এলাকায় তিনটি ট্যাংকার লাইনচ্যুত হয়েছে।
স্টেশন মাস্টার আইনুল হাসান জানান, উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধার কাজ শেষে রেল চলাচল স্বাভাবিক করা হবে।
দুর্ঘটনায় কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।