শিরোনাম :

আজ পবিত্র আশুরা

  • ১১:৪৩ এএম, শুক্রবার, ২৬ জুন, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
আজ ১০ মহররম, পবিত্র আশুরা।

শুক্রবার ২৬ জুন মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এ দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে।

নফল রোজা, নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার, দোয়া ও দান-খয়রাতের মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটির তাৎপর্য স্মরণ করছেন।

ইসলামের ইতিহাসে আশুরা বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। ৬১ হিজরির এই দিনে ইরাকের কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) সত্য ও ন্যায়ের পক্ষে অটল থেকে শাহাদাত বরণ করেন। তার সঙ্গে শতাধিক সঙ্গীও ইয়াজিদের বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। কারবালার এই আত্মত্যাগ অন্যায়, জুলুম ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধের অনন্য প্রতীক হিসেবে মুসলিম ইতিহাসে চিরস্মরণীয়।

তবে আশুরার তাৎপর্য শুধু কারবালার ঘটনাতেই সীমাবদ্ধ নয়। ইসলামি বর্ণনায় রয়েছে, এ দিনেই হজরত আদম (আ.)-এর তওবা কবুল হয়, হজরত ইব্রাহিম (আ.) আগুন থেকে নিরাপদে মুক্তি পান, অত্যাচারী ফেরাউন নীল নদের পানিতে ডুবে ধ্বংস হয় এবং হজরত ইউনূস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেন। ইসলামের বিভিন্ন বর্ণনায় আরও উল্লেখ আছে, কিয়ামতের ঘটনাও এই দিনেই সংঘটিত হবে।

পবিত্র আশুরা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। তারা আশুরার শিক্ষা ধারণ করে ন্যায়, মানবিকতা, সহনশীলতা ও শান্তির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দিবসটি উপলক্ষে দেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে আশুরার তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হচ্ছে।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরআনখানি, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শিয়া সম্প্রদায় শোকাবহ পরিবেশে তাজিয়া মিছিল, শোকসভা ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করছে।

ধর্মীয় বিশ্লেষকদের মতে, কারবালার ঘটনা কেবল একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নয়; বরং সত্য, ন্যায় ও আদর্শ রক্ষায় আত্মত্যাগের চিরন্তন শিক্ষা। যুগে যুগে এই ঘটনা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জুগিয়ে আসছে।

দিবসটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ বারান্দায় ‘আশুরার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। প্রধান আলোচক ছিলেন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা মো. মহিউদ্দিন। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

অন্যদিকে রাজধানীতে তাজিয়া মিছিল ও অন্যান্য শোক কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানিয়েছেন, আইনশৃঙ্খলা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি জানান, তাজিয়া মিছিলে ১২ ফুটের বেশি উঁচু নিশান বহন করা যাবে না। কোনো ধরনের ধারালো অস্ত্র, দাহ্য পদার্থ, লাঠি, ব্যাগ, সুটকেস বা সন্দেহজনক বস্তু নিয়ে মিছিলে অংশ নেওয়া নিষিদ্ধ। একই সঙ্গে উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম, ঢাক-ঢোল, আতশবাজি ও পটকা ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আজ সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত সড়কগুলোতে ট্রাফিক ডাইভারশন কার্যকর থাকবে। যানজট এড়াতে এবং মিছিলের অংশগ্রহণকারীদের চলাচল নির্বিঘ্ন রাখতে নগরবাসী ও যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ডিএমপি।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech