।।বিকে ডেস্ক।।
দেশের চলমান গ্যাস সংকটের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের নতুন একটি কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
শনিবার ১৯ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ্য ইসলাম অমিত আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ কূপটির উদ্বোধন করেন। এরপর বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কূপটি থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, দেশের চলমান জ্বালানি সংকটের সময়ে নতুন কূপ থেকে দৈনিক ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হওয়া ইতিবাচক খবর।
তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে জ্বালানিতে স্বনির্ভর হতে আমরা ১৫০টি কূপ খননের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২৭টি কূপের খননকাজ চলছে। তিতাস-২৮ সেগুলোর একটি। এ ছাড়া শীঘ্রই তিতাস ২৯ নম্বর কূপের গ্যাসও শিগগিরই জাতীয় গ্রিডে যুক্ত হবে।
পাশাপাশি আগামী ছয় মাস বা ফেব্রুয়ারির মধ্যেই নতুন আরও দুইটি কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।
তিতাস গ্যাসক্ষেত্রে আরও তিনটি কূপ খননের পরিকল্পনা রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এসব কূপে খনন সফল হলে জাতীয় গ্রিডে দৈনিক আরও ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হতে পারে।
আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি জানান, আমদানি করা এলএনজির দাম দিন দিন বাড়ছে। তিনি বলেন, ‘আমরা যে দামে আগে এলএনজি কিনতাম, এখন তার দুই থেকে তিন গুণ দাম দিতে হচ্ছে। এই ব্যয় বহন করার সক্ষমতা আমাদের নেই।’
দেশীয় গ্যাস কোম্পানিগুলো প্রায় দেড় দশক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এতে দেশের জ্বালানি সরবরাহে এসব প্রতিষ্ঠানের অবদান রাখার সক্ষমতা সীমিত হয়ে পড়েছিল বলে জানান তিনি।
তিনি বলেন, এখন আমরা এসব প্রতিষ্ঠানের কাজ করার সুযোগ তৈরি করেছি। এ কারণেই তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারছে। দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে রাষ্ট্রীয় অনুসন্ধান প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানিকে (বাপেক্স) আরও শক্তিশালী করার কাজ চলছে বলেও জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
বিজিএফসিএলের তথ্য অনুযায়ী, তিতাস-২৮ কূপের খননকাজ শুরু হয় গত বছরের ১৫ ডিসেম্বর। কাজ শেষ হয় ১৯ জুন। কূপটি খননে ব্যয় হয়েছে প্রায় ২০০ কোটি টাকা।
উল্লেখ্য, তিতাস-কামতা গ্যাসক্ষেত্রে চারটি কূপ খনন প্রকল্পে সমন্বিত ড্রিলিং ঠিকাদার হিসেবে কাজ করছে চীনা প্রতিষ্ঠান সিসিডিসি।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জ্বালানি বিভাগ, পেট্রোবাংলা, বিজিএফসিএল ও সিসিডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।