শিরোনাম :
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো: রিজভী ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরই ইউক্রেনের ৬ জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম ৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের অভিযানে স্পিডবোটে হামলা, আহত মৎস্য কর্মকর্তা ড. ইউনূসকে হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ঢাকার ঢাকায় আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে, অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা

৩০ ঘণ্টা পর অবরুদ্ধ চুয়েট ভিসি উদ্ধার: হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে

  • ১০:৪৫ এএম, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উদ্ধার হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যায় অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধারের পর বর্তমানে তিনি সেখানে ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এরআগে মাথাব্যথা ও বুকে ব্যথার কথা জানিয়ে দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় হাসপাতালে যেতে সহযোগিতা চান তিনি। এরপর তাকে উদ্ধারে উদ্যোগ নেয় প্রশাসন। সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা সিভিল সার্জনসহ প্রশাসনের কর্মকর্তারা চুয়েট ক্যাম্পাসে যান।

চিকিৎসাধীন অবস্থায় উপাচার্য জানিয়েছেন, এই সংকটে সরকারের পূর্ণ সহযোগিতা তাঁর প্রতি রয়েছে এবং দ্রুত সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য সরকার তাঁকে নির্দেশ দিয়েছে। তাঁর সুচিকিৎসায় একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে আজ বুধবার তাঁর শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোনে উপাচার্য জানান, গত সোমবার দুপুর ১২টা থেকে ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় তাঁদের চরম অমানবিক কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে। দীর্ঘ সময় এই শ্বাসরুদ্ধকর পরিবেশে অবরুদ্ধ থাকায় ভেতরে আটকে পড়া ১১ জনেরই স্বাস্থ্যের চরম অবনতি ঘটে।

এর মধ্যে দুজন অ্যালামনাই সদস্য অসুস্থ হয়ে পড়লে একজনকে রাতেই হাসপাতালে নেওয়া হয়। চরম গরমে একপর্যায়ে উপাচার্য নিজেও অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে সরকারি চিকিৎসক ও সিভিল সার্জনের পরামর্শক্রমে তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, পদত্যাগ করা এবং ভবিষ্যতে আর চুয়েট ক্যাম্পাসে না ফেরার যে খবর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম।

তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, পদত্যাগ বা ক্যাম্পাসে না ফেরার মতো কোনো বক্তব্য বা বিবৃতি তিনি দেননি। উদ্ধারের সময় তাঁর কথা বলার মতো শারীরিক অবস্থা ছিল না উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট সবাইকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের আহ্বান জানান। তিনি আরও বলেন, রাষ্ট্র প্রদত্ত অর্পিত দায়িত্ব পালন করতেই তিনি চট্টগ্রামে এসেছেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়।

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, তারা যেন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর প্ররোচনায় পড়ে নিজেদের অমূল্য শিক্ষাজীবন নষ্ট না করে। শিক্ষার্থীরা যথেষ্ট বুদ্ধিমান এবং তারা কারও ক্রীড়নক হিসেবে ব্যবহৃত হবে না বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত সোমবার সকাল পৌনে ৯টার দিকে বহিরাগতদের নিয়ে চুয়েটের প্রশাসনিক ভবনের মূল ফটকের তালা ভেঙে নিজ কার্যালয়ে প্রবেশ করেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম। এর প্রতিবাদে শিক্ষার্থীরা তাঁকে দুপুর ১২টার মধ্যে কার্যালয় ছাড়ার আলটিমেটাম দেন।

নির্ধারিত সময়ে তিনি বের না হওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে ভবনের ফটকে পুনরায় তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এরপর টানা ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে উপাচার্যকে উদ্ধার করেন এবং পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে করে তাঁকে ক্যাম্পাস থেকে হাসপাতালে নেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech