Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার অনুরোধ

  • ১০:৫১ এএম, বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেট (ইন্টারন্যাশনাল ট্রেড) জারনো সিরজালাকে বাংলাদেশে ফিনল্যান্ডের দূতাবাস খোলার জন্য অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  

মঙ্গলবার ৮ এপ্রিল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে ফিনল্যান্ড সরকারের এ উচ্চ প্রতিনিধি সৌজন্য সাক্ষাতে উপদেষ্টা এ অনুরোধ করেন।

বৈঠকে দু’দেশের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ইস্যু, দূতাবাস চালু, রোহিঙ্গা ইস্যু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি রপ্তানিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে জানান মন্ত্রণালয়ের পরিচালক (জনসংযোগ) ফয়সল হাসান।

শুরুতে রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ফিনল্যান্ডের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত সুসম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের চলমান বিভিন্ন সংস্কার প্রক্রিয়ায় দেশটি সহযোগিতা করতে পারে। তাছাড়া দেশটিতে বাংলাদেশ থেকে আরও বেশি হারে দক্ষ ও শিক্ষিত জনশক্তি রপ্তানি করা প্রয়োজন।  

এক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দিয়ে আন্ডার সেক্রেটারি অফ স্টেট বলেন, ফিনল্যান্ডে প্রায় ৬ হাজার বাংলাদেশী অভিবাসী রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হচ্ছে শিক্ষার্থী। যারা দেশটির আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপদেষ্টা বলেন, বাংলাদেশে ফিনল্যান্ডের সরাসরি কোন দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়ায় জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছে। বর্তমানে ফিনল্যান্ড ভারতের নয়াদিল্লীতে অবস্থিত দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম চালাচ্ছে। ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও গভীরতর করার জন্য ঢাকায় ফিনল্যান্ডের দূতাবাস খোলা প্রয়োজন বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

এ ব্যাপারে একমত পোষণ করে ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেট  (আন্তর্জাতিক বাণিজ্য) জার্নো সির্জালা বিষয়টি সেদেশের সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেবেন বলে উপদেষ্টাকে আশ্বস্ত করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা শরণার্থীরা মিয়ানমারের নাগরিক। মানবিক কারণে বাংলাদেশ প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এখন সময় এসেছে তাদেরকে নিজ দেশে প্রত্যাবাসনের। এ ব্যাপারে তিনি ফিনল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা এসময় বাংলাদেশ থেকে আরও অধিক হারে তৈরি পোশাক আমদানি ও বিনিয়োগের জন্য ফিনল্যান্ডের আন্ডার সেক্রেটারি অফ স্টেট কে আহ্বান জানান।

বৈঠকে ফিনল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ইউনিটের পরিচালক ভেইক্কো কিলজুনেন, দক্ষিণ এশিয়ার টিম লিডার ভিল অ্যান্ডারসন, দিল্লিভিত্তিক ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech